ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিকাশ রকেট নগদে কড়াকড়ি, সর্বোচ্চ লেনদেন এক হাজার 

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:১৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬
বিকাশ রকেট নগদে কড়াকড়ি, সর্বোচ্চ লেনদেন এক হাজার 

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিংয়ে সীমা কমিয়ে লেনদেনে কড়াকড়ি করেছে। আগামীকাল রাত ১২টা থেকে নির্বাচনের দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ব্যক্তি হিসাবের সীমা কমিয়ে সর্বোচ্চ এক হাজার টাকা করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই লেনদেন সর্বোচ্চ দৈনিক দশ বার করা যাবে। 

বর্তমানে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট-১ থেকে দেশে কার্যরত সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান/তফসিলি ব্যাংককে এ নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের অপব্যবহার রোধ করতে ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা। লেনদেনের সর্বোচ্চ সংখ্যা হবে দৈনিক দশবার। এ ছাড়া মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিল-এর ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে; অন্যান্য সকল ধরণের এমএফএস লেনদেন বর্ণিত সময়কালে সাময়িকভাবে বন্ধ থাকবে।

নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। আলোচ্য সময়ে সকল প্রকার লেনদেন এমএফএস প্রোভাইডারদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনা এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে বলা হয়েছে। এ সময়ে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিংও থাকবে। 

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। নির্বাচনের দিন রাত ১২টা থেকে মোবাইল ব্যাংকিংয়ের স্বাভাবিক লেনদেন যথারীতি চালু হবে।

ঢাকা/নাজমুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়