বঞ্চিত কেবল বাংলাদেশের ক্রিকেটাররাই…
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুর দিকের কান্ডারি মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের অংশ নেওয়া ৯ টি-টোয়েন্টির ৮টিতেই খেলেছেন। দিয়েছেন নেতৃত্ব। সবশেষ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেও ছিলেন।
ক্রিকেটের প্রতি এখনো টান অনুভব করেন বলে নিজেকে ফিট রেখে ২২ গজে খেলা চালিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টির যে আবেদন সেটা নিশ্চিতভাবেই আছে। থাকার কথা বিশ্বকাপকে ঘিরেও। কিন্তু প্রিয় দল বাংলাদেশ নেই বলে সেই আগ্রহটাও এখন কমে গেছে তার।
শনিবার সকালে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা চলছিল শ্রীলঙ্কায়, ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দেন মাহমুদউল্লাহ। সেখানেই বিশ্বকাপ নিয়ে টুকটাক কথা বলেন গণমাধ্যমে। বৈশ্বিক আসরে বাংলাদেশকে মিস করার কথা জানিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘‘সত্যি বলতে, যেহেতু বাংলাদেশ নেই, আমার দল যদি না থাকে, তাহলে আমার খুব একটা ওরকম…আগ্রহও কমে গেছে।’’ ক্রিকেটারদের সঙ্গে কথা বলে মাহমুদউল্লাহও জেনেছেন, তারাও হতাশ,‘‘বিশ্বকাপ এত বড় টুর্নামেন্ট এবং আমি নিশ্চিত যে, ক্রিকেটাররাও এটা মিস করছে, আমি শুনেছি বেশ কয়েকজনের কাছ থেকে। কমবেশি সবার সঙ্গেই কথা হয়েছে।”
নিরাপত্তা নিয়ে স্বস্তিবোধ না করায় বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়ে ২০ দলের বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। সরকার থেকেই এই সিদ্ধান্ত আসায় ক্রিকেট বোর্ড বা ক্রিকেটারদের কারো কিছুই করার ছিল না। আইসিসি বারবার বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করলেও বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে ছিল অনড়।
কঠিন এই সিদ্ধান্তে ফলে ক্রিকেটাররাই বঞ্চিত হয়েছেন এমনটাই বললেন মাহমুদউল্লাহ, ‘‘এটা (বিশ্বকাপে অংশগ্রহণ) আমাদের হাতে নেই। এটা অবশ্যই মেগা টুর্নামেন্ট এবং দিনশেষে সবাই এটির অংশ হতে চায়। তবে যা হওয়ার তো হয়েছেই। দিনশেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে। তবে যেহেতু এটা সরকারের সিদ্ধান্ত, অ্যাবসলিউটলি ফাইন। তবে এটা আমাদের হাতে নেই। এটা অবশ্যই মেগা টুর্নামেন্ট এবং দিনশেষে সবাই এটির অংশ হতে চায়। তবে যা হওয়ার তো হয়েছেই।”
যাকে নিয়ে এতো কিছু, সেই মোস্তাফিজুর রহমানের জন্যও মন পুড়ছে মাহমুদউল্লাহর, ‘‘যেহেতু মোস্তাফিজ ইজ ভেরি চিলড অ্যাবাউট ইট, তো (হাসি)…। তবে এই জিনিসগুলো নিয়ে মন্তব্য করা খুব কঠিন। অনেক রাজনৈতিক ব্যাপার এখানে সম্পৃক্ত। ক্রিকেটাররা যেন বঞ্চিত না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি, বিসিবির এই ভাবনা আছে। এজন্যই তারা এই টুর্নামেন্ট আয়োজন করেছে, ক্রিকেটারদের জন্য। দিনশেষে ক্রিকেট ও ক্রিকেটাররা খুবই গুরুত্বপূর্ণ। তারাই মূল স্টেকহোল্ডার।”
ঢাকা/ইয়াসিন