ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরব আমিরাতের সঙ্গে বিমান চলাচল চুক্তি বাতিল করছে আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২৬
আরব আমিরাতের সঙ্গে বিমান চলাচল চুক্তি বাতিল করছে আলজেরিয়া

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তিব্বুন। ছবি: সিনহুয়া

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২০১৩ সালের মে মাসে আবুধাবিতে স্বাক্ষরিত বিমান পরিষেবা চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করেছে আলজেরিয়া। শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, আলজেরিয়ার এই সিদ্ধান্তের পেছনে তাৎক্ষণিকভাবে কোনো কারণ জানানো হয়নি। তবে আলজেরিয়ার সংবাদমাধ্যমগুলো সাম্প্রতিক মাসগুলোতে সংযুক্ত আরব আমিরাতের তীব্র সমালোচনা করে আসছে এবং তাদের বিরুদ্ধে আঞ্চলিক বিবাদ সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলেছে।

আরো পড়ুন:

শনিবার (৭ ফেব্রুয়ারি) আলজেরিয়ার রাষ্ট্রীয় রেডিও জানায়, “আলজেরিয়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিমান পরিষেবা চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করেছে, যা ২০১৩ সালের ১৩ মে আবুধাবিতে স্বাক্ষরিত হয়েছিল এবং ২০১৪ সালের ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতির ডিক্রির মাধ্যমে অনুমোদিত হয়েছিল।”

গণমাধ্যমটি আরো জানায়, “চুক্তির ২২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমিরাত পক্ষকে আনুষ্ঠানিকভাবে এই বাতিলের বিষয়ে অবহিত করতে হবে। এছাড়া প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মহাসচিবকেও বিষয়টি জানানো হবে।”

এই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত বছরের অক্টোবরে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তিব্বুন বলেছিলেন, একটি দেশ বাদে সব উপসাগরীয় দেশের সঙ্গেই আলজেরিয়ার সম্পর্ক উষ্ণ। তার এই মন্তব্যটি সংযুক্ত আরব আমিরাতের দিকেই ইঙ্গিত ছিল বলে ধারণা করা হয়।

তিনি সৌদি আরব, কুয়েত, ওমান এবং কাতারের সঙ্গে সম্পর্ককে ‘ভ্রাতৃত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন। তবে নাম উল্লেখ না করে একটি দেশের বিরুদ্ধে আলজেরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তোলেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়