দেশ, মানুষ ও ইসলামের কল্যাণের লক্ষ্যে আমাদের রাজনীতি: রেজাউল করিম
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন, “ক্ষমতা বা সম্পদের জন্য নয়। দেশ, মানুষ ও ইসলামের কল্যাণের লক্ষ্যেই আমাদের রাজনীতি। চাইলে পারিবারিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সহজেই এমপি-মন্ত্রী হওয়া সম্ভব ছিল, কিন্তু আমরা সেই পথে হাঁটিনি।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, “জোট রাজনীতি থেকে বেরিয়ে এসে হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নামার পর অনেকে বিদ্রূপ করলেও, বাস্তবে আমরা একা নই। আমরা সারা দেশে সফর করে ইসলাম প্রিয় ও দেশপ্রেমিক মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে মানুষকে জুলুম, চাঁদাবাজি ও মানবপাচার থেকে মুক্ত করতে হবে। প্রচলিত ব্যবস্থায় গত ৫৪ বছরে জাতি নতুন কোনো দিকনির্দেশনা পায়নি, তাই বিকল্প রাজনীতির প্রয়োজনীয়তা আরো বেড়েছে।”
এ সময় পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল হাসান বোখারীকে পরিচয় করিয়ে দেন তিনি। জনসভায় ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইমরান/রাজীব