ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভয়াবহ ব‌্যাটিং ধসের পর সূর্যকুমারে উদ্ধার ভারত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:৪০, ৭ ফেব্রুয়ারি ২০২৬
ভয়াবহ ব‌্যাটিং ধসের পর সূর্যকুমারে উদ্ধার ভারত

ভারতের টপ ও মিডল অর্ডারের সব ব‌্যাটসম‌্যান রয়েছেন দুর্দান্ত ফর্মে। মাঠে নামলেই রান। চার-ছক্কার ফুলঝুরি। তাইতো বিশ্বকাপে হট ফেভারিট বলা হচ্ছে বর্তমান চ‌্যাম্পিয়নদের।

কিন্তু ‘পুচকে’ যুক্তরাষ্ট্র তাদেরকে প্রথম ম‌্যাচেই কঠিন পরীক্ষায় ফেলবে তা কেউ কী ভেবেছিল? বিশ্বকাপের প্রথম দিনের তৃতীয় ম‌্যাচে দুই দল মাঠে নেমেছিল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে।

টস হেরে ব‌্যাটিং করতে নেমে ৭৭ রানে ৬ উইকেট নেই বিশ্ব চ‌্যাম্পিয়নদের। ১১.৪ ওভারেই তাদের ৬ ব‌্যাটাসম‌্যান সাজঘরে। একটু ওলটপালট হলেই সবশেষ। স্কোরবোর্ডে মিলবে না কিছুই।

ক্রিজে তখন নিঃসঙ্গ শেপরা সূর্যকুমার যাদব। পরের ব‌্যাটসম‌্যান অক্ষর পাটেল কিছুটা প্রতিরোধ গড়লেন। বাকিটা সময় সূর্যর আলোয় জ্বলে উঠল ভারত।

২০ ওভার শেষে ভারতের রান ৯ উইকেটে ১৬১। ৪৯ বলে ৮৪ রান করে অপরাজিত থেকে স্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ভারতের অধিনায়ক। নামের পাশে ১০ চার ও ৪ ছক্কা। স্ট্রাইক রেট ১৭১.৪২।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। রানের খাতা খোলার আগেই অভিষেক শর্মা পেসার আলী খানের বলে আউট হন। গোল্ডেন ডাকে শুরু তার বিশ্বকাপ। সেই ধাক্কা সামলে ৩৭ রান যোগ করেন ইশান কিশান ও তিলাক বার্মা। কিন্তু দুজনই বিশের ঘরে পৌঁছে উইকেট বিলিয়ে আসেন। ইশান ১৬ বলে ২০ রান করেন ১ চার ও ২ ছক্কায়। তিলাক ১৬ বলে ২৫ রান করেন ৩ চার ও ১ ছক্কায়। ক্রিজে গিয়ে শিভাব দুবে মারেন গোল্ডেন ডাক। 

তিন বাঁহাতি ব্যাটসম্যানকে এক ওভারে আউট করেন পেসার শ্যাডলি ভ্যান শালকউইক। এই ধাক্কা সামলে না উঠতে উঠতেই রিংকু সিং ৬ ও হার্দিক পান্ডিয়া ৫ রান করে ড্রেসিংরুমের পথ ধরেন। সপ্তম উইকেটে সূর্যকুমারকে সঙ্গ দেন অক্ষল পাটেল। ২৪ বলে দুজন ৪১ রান জমা করেন। দ্রুত রান তোলার তাড়ায় অক্ষর ১১ বলে ১৪ রান করে আউট হলেও আরেক প্রান্তে সূর্যকুমার ছিলেন দুর্দান্ত। 

৩৬ বলে ফিফটিতে পৌঁছান তিনি। এরপর আগ্রাসন বাড়িয়ে দলের রান নিয়ে যান ভালো অবস্থানে। শেষ ওভারে ২টি করে চার ও ছক্কায় ২১ রান তোলেন তিনি। যা ছিল ইনিংসের সবচেয়ে খরুচে ওভার। তার শেষের এই ঝড়েই ওয়াংখেড়েতে স্বস্তি ফিরে আসে।

২৫ রানে ৪ উইকেট নিয়ে শ্যাডলি ভ্যান শালকউইক ছিলেন যুক্তরাষ্ট্রের সেরা বোলার। তাদের সেরা বোলার সৌরভ নরেশ নেত্রভালকারের সময়টা ভালো কাটেনি। ৪ ওভারে ৬৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এছাড়া হারমীত সিং ২টি ও ১টি করে উইকেট নেন আলী খান ও মোহাম্মদ মহসিন। 

 

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়