নাইজেরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
নাইজেরিয়ার বেনুয়ে রাজ্যে বন্দুকধারীদের হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি
নাইজেরিয়ার মধ্যঞ্চলীয় রাজ্য বেনুয়ের দুটি প্রতিবেশী শহরে কয়েক দিনের ব্যবধানে দুটি হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষ চলছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
স্থানীয় সরকার কর্মকর্তা ইবি অ্যান্ড্রু বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কোয়ান্ডে এলাকার আনওয়াসে গ্রামে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা বাজারে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১৩ জন ব্যবসায়ী নিহত হন। এছাড়াও হামলায় দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। অনেকে প্রিয়জনদের খুঁজছেন।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পার্শ্ববর্তী এমবাইকিওর শহরের একটি বাজারে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়ে ১৭ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন।
বেনুয়ে রাজ্যে সাম্প্রতিক মাসগুলোতে জমি ও সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে যাযাবর পশুপালক ও কৃষক সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে।
ঢাকা/ফিরোজ