গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
গাজা সিটিতে ধ্বংসস্তূপের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রুটি বহনকারী এক ফিলিস্তিনি শিশু। ছবি: এপি
গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে বলে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।
মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চলা সত্ত্বেও হামলা চালাচ্ছে ইসরায়েল। গত ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭৪ জন ফিলিস্তিনির মৃত্যুকে সরকারি তালিকায় যুক্ত করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, গত বছরের ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৭৬ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত এবং ১ হাজার ৫৪৩ জন আহত হয়েছেন।
এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় নিহত মোট ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৭২ হাজার ২৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই সময়ে আহত হয়েছেন আরো ১ লাখ ৭১ হাজার ৬৫১ জন ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালায় পৃথক আরেকটি বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় বর্তমানে যে কয়েকটি হাসপাতাল সচল রয়েছে, সেগুলো হাজার হাজার রোগীর জন্য কেবল ‘অপেক্ষার কক্ষে’ পরিণত হয়েছে।
চিকিৎসা সেবা চালিয়ে যেতে হাসপাতালগুলোকে চরম লড়াই করতে হচ্ছে এবং অনেক আহতের ভাগ্য এখনও অনিশ্চিত। যুদ্ধের কারণে ক্যানসার চিকিৎসা, হেমাটোলজি, সার্জারি, নিবিড় পরিচর্যা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে যে সামান্য পরিমাণ চিকিৎসা সরঞ্জাম মজুত আছে, তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, তীব্র সংকটের কারণে সাধারণ ব্যথানাশক ওষুধও এখন এক ধরনের ‘দুর্লভ বিলাসিতা’ হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা/ফিরোজ