বিএনপির ইশতেহারে উচ্চকক্ষের বিষয়ে প্রতারণা করা হয়েছে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘‘বিএনপির ইশতেহারে উচ্চকক্ষের বিষয়ে প্রতারণা করা হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না।’’
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দেশের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে নিয়মতি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘‘বিভিন্ন জায়গায় এক প্রার্থী আরেক প্রার্থীকে হুমকি দিচ্ছে। প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। কিন্তু কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা দুঃখজনক। লেভেল প্লেয়িং ফিল্ড নেই বললেই চলে।’’
‘‘নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্র মজুদ করছে। এতে শঙ্কা তৈরি হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে (ইসি) আরও কঠোর হওয়ার আহ্বান জানাই। এজন্য যৌথ বাহিনীর আভিযান আরও জোরদার করা উচিত,’’ বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা/রায়হান//