সেমিফাইনালের দোরগোড়ায় মহারণ: আতলেতিকোর সুবিধা, বার্সার সামনে কঠিন পরীক্ষা
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ মঙ্গলবার দিবাগত রাতে মুখোমুখি হচ্ছে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা। মেট্রোপলিতানো স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে ইতোমধ্যেই বড় সুবিধাজনক অবস্থানে আছে দিয়েগো সিমিওনের দল। তারা প্রথম লেগে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে।
প্রথম লেগেই ধাক্কা, চাপে বার্সেলোনা:
ক্যাম্প ন্যুতে প্রথম লেগে শৃঙ্খলাবদ্ধ ও কার্যকর ফুটবল খেলেই সবাইকে চমকে দেয় আতলেতিকো। জুলিয়ান আলভারেজ ও আলেক্সান্ডার সোরলোথের গোলেই নিশ্চিত হয় গুরুত্বপূর্ণ জয়।
অন্যদিকে, পাউ কুবার্সির লাল কার্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আর সেখান থেকেই পাহাড়সম চাপ তৈরি হয় বার্সার সামনে। এখন হানসি ফ্লিকের দলের জন্য অপেক্ষা করছে ইউরোপের সবচেয়ে কঠিন কামব্যাকগুলোর একটি।
আতলেতিকোর পরিকল্পনা: রক্ষণে দৃঢ়তা, আক্রমণে নির্ভুলতা
দ্বিতীয় লেগে প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে আতলেতিকো। সিমিওনে নির্ভর করবেন তার সেরা একাদশের ওপর, যেখানে আক্রমণে থাকবেন আলভারেজ ও আঁতোয়ান গ্রিজমান। সোরলোথও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন শুরু থেকেই বা বদলি হিসেবে। গোলপোস্টে ইয়ান ওব্লাককে কেন্দ্র করে শক্ত রক্ষণভাগই আতলেতিকোর সবচেয়ে বড় ভরসা, যারা ২-০ লিড ধরে রাখতে মরিয়া।
বার্সার দুশ্চিন্তা: ইনজুরি ও নিষেধাজ্ঞা
বার্সেলোনার জন্য পরিস্থিতি মোটেই সহজ নয়। কুবার্সির নিষেধাজ্ঞার কারণে রক্ষণভাগে পরিবর্তন আনতে হচ্ছে ফ্লিককে। তবে সুখবর হলো ইনজুরি কাটিয়ে মিডফিল্ডে ফিরছেন ফ্রেঙ্কি ডি ইয়ং, যিনি পেদ্রির সঙ্গে মাঝমাঠে ভারসাম্য আনবেন। আক্রমণে দায়িত্ব থাকবে লামিন ইয়ামাল, রবার্ট লেভানদোভস্কি ও মার্কাস রাশফোর্ডের কাঁধে। বেঞ্চ থেকে বিকল্প হিসেবে থাকবেন ফেরান তোরেস ও দানি ওলমো। তবে ইনজুরির কারণে অনুপস্থিত রাফিনিয়া। যা আক্রমণভাগে বড় ধাক্কা।
কার হাতে নিয়ন্ত্রণ?
২-০ ব্যবধানের কারণে স্বাভাবিকভাবেই এগিয়ে আছে আতলেতিকো। তাদের পরিকল্পনা থাকবে খেলার গতি কমিয়ে রাখা, জায়গা নিয়ন্ত্রণ করা এবং পাল্টা আক্রমণে সুযোগ কাজে লাগানো।
অন্যদিকে বার্সেলোনার জন্য শুরু থেকেই আক্রমণাত্মক হওয়া ছাড়া বিকল্প নেই। দ্রুত গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করতে হবে। তবে সামান্য রক্ষণভাগের ভুলও তাদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।
সম্ভাব্য একাদশ:
আতলেতিকো মাদ্রিদ (৪-৪-২ / ৩-৫-২):
ওব্লাক; নাহুয়েল মোলিনা, হোসে মারিয়া হিমেনেজ, রবিন লে নর্মাঁ, রেইনিলদো; মার্কোস ইয়োরেন্তে, রদ্রিগো দে পল, কোক, সামুয়েল লিনো; গ্রিজমান ও আলভারেজ।
বার্সেলোনা (৪-২-৩-১):
জোয়ান গার্সিয়া; জুল কুন্দে, এরিক গার্সিয়া, ইনিয়িগো মার্তিনেজ, জোয়াও ক্যানসেলো; ডি ইয়ং, পেদ্রি; ইয়ামাল, ফারমিন লোপেজ, রাশফোর্ড ও লেভানদোভস্কি।
ঢাকা/আমিনুল
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৯, আক্রান্ত ১১০৫