পরীমণিকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পরীমণি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক তখনই জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
রবিবার (৮ ফেব্রুয়ারি) পরীমণি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি অডিও কল রেকর্ড শেয়ার করেন। যেখানে এক ব্যক্তি তাকে গালিগালাজের পাশাপাশি ভোট সংক্রান্ত বিষয়ে কথা বলা কিংবা সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করতে নিষেধ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
পরীমণি অডিও কল রেকর্ড শেয়ার করে ক্যাপশনে লেখেন, “ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা?”
অডিওতে শোনা যায়, এক ব্যক্তি বিদেশি নম্বর থেকে ফোন করে পরীমণিকে কটূক্তি করছেন। ভয় দেখিয়ে ওই ব্যক্তি বলেন, “ভোট নিয়ে কোনো ধরনের মন্তব্য বা পোস্ট করা যাবে না।” অডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।
এ বিষয়ে পরীমণি বলেন, “হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা ও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলে আমাকে হত্যার হুমকি দেয়।”
মাত্র তিন দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রার্থীরা যখন প্রচারে ব্যস্ত সময় পার করছেন, ঠিক সেই মুহূর্তে একজন জনপ্রিয় অভিনেত্রীকে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
এদিকে, পরীমণির অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি ‘গোলাপ’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নিরব হোসাইন।
ঢাকা/রাহাত/শান্ত