আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক: পরীমণি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শরিফুল রাজ ও পরীমণি
প্রায় ৩ বছর আগে ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের বিবাহবিচ্ছেদ হয়েছে। এই সংসার ভাঙার পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা চলছিল। অবশেষে সেই আলোচনার ইতি টানলেন পরীমণি।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অংশ নিয়ে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ, ব্যক্তিগত সম্পর্ক এবং তৃতীয় পক্ষের গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।
এ আলাপচারিতায় পরীমণি পরিষ্কারভাবে বলেন, “তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়; কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে যে চেষ্টা করতে হয়, এটা তো সে (রাজ) জানেই না। কিংবা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও তো জানে না।”
বিনোদন অঙ্গনে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথাও তুলে ধরেন পরীমণি। তিনি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে—আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল একটা কথা।”
এ প্রসঙ্গে শরিফুল রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও জানান অভিনেত্রী। পরীমণির ভাষায়, “আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক।”
বলে রাখা ভালো, ২০২২ সালের জানুয়ারিতে পরীমণি অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন শরিফুল রাজ। একই সময় তারা তাদের বিয়ের বিষয়টিও নিশ্চিত করেন। দুজনের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। পরবর্তীতে ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের পুত্র সন্তান।
তবে সন্তান জন্মের কিছুদিন পর থেকেই সম্পর্কে টানাপড়েন শুরু হয়। আলাদা হওয়ার পর দুজনই বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। সবশেষে ২০২৩ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয়।
বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই দুই তারকা। পরীমণিকে চলতি বছর কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ফেলুবক্সী’ সিনেমায় দেখা গেছে। সম্প্রতি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত একই নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’ শিরোনামে দুটো সিনেমা।
অন্যদিকে, শরিফুল রাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়। বর্তমানে তিনি ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জীবন অপেরা’ নামে দুটি নতুন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
ঢাকা/রাহাত/শান্ত