ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গুম, খুন ও জুলাই শহিদ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ১৮ মার্চ ২০২৬  
গুম, খুন ও জুলাই শহিদ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার 

গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবার এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক, প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৭ রমজান থেকে দেশের প্রতিটি জেলায় এসব নির্যাতিত ও শহিদ পরিবারের মাঝে ঈদ উপহারের অর্থ পৌঁছে দেওয়া শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রতি বছরই গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঈদ উপহার প্রদান করা হয়। ২০২৫ সাল থেকে এতে যুক্ত হয়েছে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যরা। 

তিনি বলেন, নতুন সরকারের নানা ব্যস্ততার কারণে কিছুটা দেরি হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান এসব পরিবারকে ভুলে যাননি।

জানা গেছে, ২০১৬ সাল থেকে রমজান মাসে নিয়মিতভাবে এ ধরনের সহায়তা দিয়ে আসছেন তারেক রহমান। এ বছর প্রায় ১ হাজার ৯০০ পরিবার এই ঈদ উপহারের আওতায় এসেছে। 

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানিয়েছেন, প্রথমে উপকারভোগী পরিবারগুলোর ব্যাংক হিসাব সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও সময় স্বল্পতার কারণে তা পুরোপুরি সম্ভব হয়নি। তবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে প্রতিটি জেলায় সরাসরি উপহারের অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ঢাকা/আলী//

সর্বশেষ

পাঠকপ্রিয়