বৃষ্টিতে ঘরমুখো মানুষের ভোগান্তি
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জীবনের ঝুঁকি নিয়ে যারা ট্রাক বা বাসের ছাদে বাড়ি যাচ্ছেন, বৃষ্টিতে তাদের সবচেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দফায় দফায় বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিভিন্ন বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ মানুষ দোকান ও যাত্রী ছাউনিতে আশ্রয় নিলেও যারা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছেন, তাদের ভোগান্তি বেশি। তবুও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ বাড়ি যাচ্ছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে মহাসড়কের এলেঙ্গা, পৌলি, রসুলপুরসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, খোলা ট্রাক ও পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।
চাঁদ দেখা সাপেক্ষে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ)। মঙ্গলবার (১৭ মার্চ) খেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। তবে পোশাক কারাখানাসহ শিল্পপ্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে ধাপে ধাপে। ছুটি শুরু হওয়ার পর থেকে ঢাকাসহ বিভিন্ন শহর থেকে মানুষ গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছে। এতে সড়কে যানবাহনের চাপ বেড়েছে।
নাটোরগামী যুবক রাসেল হাওলা বলেন, ‘‘চন্দ্রা দেড় ঘণ্টা অপেক্ষা করে বাস না পেয়ে ট্রাকে যাচ্ছি। করটিয়ার কাছাকাছি আসার পর বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে শীত করছে। খুব কষ্ট হচ্ছে।’’
সিরাজগঞ্জের হালিমন বেওয়া বলেন, ‘‘বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। ট্রাকের উপর পলিথিন দিয়েও কোনো কাজ হচ্ছে না। দুর্ভোগ পোহাতে হচ্ছে।’’
ষাটোর্ধ শাহজাহান মিয়া বলেন, ‘‘গাজীপুর থেকে ট্রাকে উঠার পর রোদে কষ্ট হয়েছে। টাঙ্গাইলে আসার পর বৃষ্টিতে কষ্ট হচ্ছে। সব মিলিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।’’
ঢাকা/কাওছার/বকুল