ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিরিজ বিবেচনায় ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার অনুমতি পাবেন মোস্তাফিজুর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ১৮ মার্চ ২০২৬   আপডেট: ২২:০৩, ১৮ মার্চ ২০২৬
সিরিজ বিবেচনায় ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার অনুমতি পাবেন মোস্তাফিজুর

সবশেষ ডাকটা পেয়েছেন শরিফুল ইসলাম। পাকিস্তান সুপার লিগের ১১তম আসরে খেলার সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার।

জাতীয় দলের সতীর্থ নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন শরিফুল। এর আগে মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনকে দলে নেয় লাহোর কালান্দার্স। রিশাদ হোসেনকে পায় রাওয়ালপিন্ডি পিন্ডিজ।

আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠেয় পাকিস্তানের ফ্রাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যাবে বাংলাদেশের এই পাঁচ ক্রিকেটারকে। তবে পুরোটা সময় থাকবেন না তারা।

১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশে সফর করবে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তারা বাংলাদেশে আসবেন। সিরিজ বুঝে তাই ক্রিকেটারদের পিএসএলে খেলার অনাপত্তিপত্র দেবে বিসিবি।

ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে এমনটাই জানা গেছে। পিএসএলের শুরু থেকে বাংলাদেশের পাঁচ তারকা ক্রিকেটারই থাকবেন পাকিস্তানে। বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের দ্বিপক্ষীয় সিরিজের তিন ওয়ানডে যথাক্রমে ১৭, ২০ ও ২৩ এপ্রিল। সরাসরি বিশ্বকাপে নাম লিখাতে বাংলাদেশের জন্য প্রতিটি ওয়ানডে এখন অতি গুরুত্বপূর্ণ।

ওয়ানডে দলের নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। নাহিদ রানা সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে দু্যতি ছড়িয়েছেন। তাদেরকে ওয়ানডে সিরিজে রাখা হবে। ফলে ওই সময়ে পিএসএল ছেড়ে চলে আসতে হবে। টি-টোয়েন্টিতে তাদেরকে ছাড় দিতে পারে বিসিবি। মোস্তাফিজুর, রিশাদ ও নাহিদকে ছাড় দিতে পারে। শরিফুল থাকতে পারেন সিরিজে। এছাড়া পারভেজ হোসেন ইমন টি-টোয়েন্টিতে নিয়মিত খেলায় তাকেও ছেড়ে আসতে হতে পারে পিএসএল।  মূলত সিরিজ বিবেচনায় পিএসএলে খেলার সুযোগ পাবেন ক্রিকেটাররা।  

লিগগুলোতে মোস্তাফিজুরের ব্যস্ততা আরেকটু বেশি। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। নিলাম থেকে তাকে কিনে নেয় বার্মিংহ‌্যাম ফিনিক্স। ভিত্তিমূল‌্যে ১ লাখ পাউন্ডে তাকে কিনেছে বার্মিংহ‌্যাম। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৬৫ লাখ টাকার মতো।

২১ জুলাই শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৬ আগস্ট পর্যন্ত। দ্য হান্ড্রেডের যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালে। পাঁচটি আসর হলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাননি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার হাতছানি মোস্তাফিজুরের সামনে।

তবে ওই সময়ে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর রয়েছে। সেখানে দুটি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের। জিম্বাবুয়ে সফর থেকে শান্ত-মিরাজদের চলে যাওয়ার কথা আয়ারল্যান্ডে। সেখানেও তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। ফলে মোস্তাফিজুরের পুরো টুর্নামেন্ট খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

তবে তাকে ইংল‌্যান্ডে খেলতেও অনুমতি দেবে বিসিবি। ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম, ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণের পক্ষে। তবে জাতীয় দলের বিষয়টিকেও তিনি বিবেচনা করছেন প্রথমে। তবে অগ্রাধিকার ভিত্তিতে, পরিকল্পনা অনুযায়ী কোন সিরিজে কোন ক্রিকেটারকে রাখতেই হবে সেটা সময় হলে টিম ম‌্যানেজমেন্ট, নির্বাচক ও বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নাজমুল। 

‘‘আমরা ক্রিকেটারদের বিভিন্ন লিগে খেলানোর পক্ষে। আমরা সব ক্রিকেটারকেই সেই সুযোগটি দিতে চাই। এজন‌্য বোর্ড বেশ উদার। তবে জাতীয় দলের খেলা বিবেচনা রাখতে হচ্ছে। আমাদের এবার সাদা বলের ম‌্যাচ বেশি। তাই যে সমস্ত ক্রিকেটার বাইরে খেলতে যাবে তাদের জাতীয় দলেও প্রয়োজন হবে। সব কিছু বিচার বিবেচনা করেই তাদেরকে ছাড় দেয়া হবে। এতে ক্রিকেটারদেরও আপত্তি থাকার কথা না।’’

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়