ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

‎বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ১৮ মার্চ ২০২৬  
বাগেরহাটে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

বাগেরহাটের কচুয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে নাদিম শেখ (৩৩) নামে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ‎বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নাদিম শেখ উপজেলার খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে। ২০২৪ সালের একটি দস্যুতা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আহত পুলিশ সদস্যদের নাম রাজু খান। তিনি কচুয়া থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, নাদিম শেখকে গ্রেপ্তারে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। পুলিশ নাদিমকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আসামি নাদিমকে ছিনিয়ে নিতে সাগর শেখ পুলিশ কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত গুরুতর জখম হয়। এই সুযোগে নাদিম ও সাগর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত কনস্টেবল রাজু খানকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কচুয়া থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, “পরোয়ানাভুক্ত আসামি নাদিমকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার ভাই অতর্কিত হামলা করে পুলিশ সদস্যদের ওপর। এতে পুলিশ সদস্য রাজু খান গুরুতর জখম হয়। অপরাধীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

ঢাকা/আমিনুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়