ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে’

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬
‘ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে’

দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “বিএনপি ক্ষমতায় গেলে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ও এনজিও ঋণ মওকুফ করা হবে। পাশাপাশি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।”

সোমবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেলে হাকিমপুর উপজেলার হিলি এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনি গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “আজ দেশের কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ মানুষ চরম অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। সার, বীজ ও কৃষি উপকরণের দাম বেড়েছে। অথচ কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। বিএনপি বিশ্বাস করে—কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই আমরা কৃষি ঋণের বোঝা লাঘব করতে চাই।”

তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে ও স্বল্পমূল্যে পাবে। একই সঙ্গে প্রতিটি নাগরিকের জন্য প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, এটি কোনো বিলাসিতা নয়।”

ভোটারদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আপনারা যদি ধানের শীষে ভোট দেন, আমরা আপনাদের পাশে থেকে কাজ করব।”

ঢাকা/মোসলেম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়