অনিয়ম মানবে না জনগণ, সরকার গড়বে ১১ দলীয় জোট: রাকসু ভিপি
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম জনগণ আর মেনে নেবে না এবং এবারের নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
তিনি আরো বলেন, “রক্তে ভেজা এই মাটিতে আর কখনোই ফ্যাসিস্ট স্বৈরাচারের জায়গা হবে না। দীর্ঘ ১৭ বছর পর জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবে।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ শহরের সরকারি হাইস্কুল মাঠে ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকারের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
ভিপি বলেন, “৫ আগস্ট এ দেশের ছাত্র-জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত নতুন স্বাধীনতা জনগণের মত প্রকাশের পথ উন্মুক্ত করে দিয়েছে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের আর কখনোই জনগণ ম্যান্ডেট দেবে না।”
নির্বাচনি সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইন। এতে আরো বক্তব্য দেন গাইবান্ধা-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদ ফয়সাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সুমন সরকার এবং হিন্দু সম্প্রদায়ের নেতা শ্রী রিপন চন্দ্র সরকারসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় বিভিন্ন শ্রেণি ও পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। গোবিন্দগঞ্জের ইতিহাসে নির্বাচনি সময়ে এত বিপুল জনগণের উপস্থিতি আগে কখনো দেখা যায়নি। সরকারি হাইস্কুল মাঠ উপচে জনতার ঢল বিশ্বরোড পর্যন্ত ছড়িয়ে পড়ে।
গোবিন্দগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার বলেন, “নির্বাচিত হলে গোবিন্দগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে। মাদক ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ উপজেলা গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, “নির্বাচিত হলে সরকার ঘোষিত ইপিজেড নির্মাণ, জেলার একমাত্র বন্ধ ভারী শিল্প প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকল পুনরায় চালু, উপজেলার কোচাশহরকে শিল্পনগরী ঘোষণা এবং করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।”
এছাড়া, উপজেলায় কোনো শিশু বিনোদন কেন্দ্র না থাকায় একটি আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি রাস্তা-ঘাট উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। উন্নয়নের শপথ নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা/লুমেন/জান্নাত