শাহবাগে হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজশাহীতে সড়ক অবরোধ বিক্ষোভ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে বিক্ষোভ করেন তারা। এ সময় ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা হাদি হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা দ্রুত বিচার নিশ্চিত না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি ছিল। আন্দোলনকারীরা মিন্টো রোড অভিমুখে অগ্রসর হলে হামলার ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত হন।
এছাড়া, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমাসহ মোট ২৩ জন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢাকা/মাহী/জান্নাত