ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিরল রোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে সহায়তা চান রাবি শিক্ষার্থী মিতু

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৬ মে ২০২৬   আপডেট: ১৬:৪৫, ৬ মে ২০২৬
বিরল রোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে সহায়তা চান রাবি শিক্ষার্থী মিতু

রাজিয়া সুলতানা মিতু ও তার সন্তান শুদ্ধ

মাতৃত্বের সবচেয়ে বড় স্বপ্ন; সন্তানকে সুস্থভাবে বড় হতে দেখা। কিন্তু সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী রাজিয়া সুলতানা মিতুর জীবনে। তার ১৭ মাস বয়সী একমাত্র সন্তান শুদ্ধ লড়ছে বিরল ও জটিল জেনেটিক রোগ Spinal Muscular Atrophy (SMA) Type-2-এর সঙ্গে। শিশুটির বাবা ইউএস-বাংলা এয়ারলাইন্সে কর্মরত।

পরিবার সূত্রে জানা যায়, এ রোগে আক্রান্ত হলে শিশুদের শরীরের পেশী নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ফলে তারা স্বাভাবিকভাবে বসতে, দাঁড়াতে বা হাঁটতে পারে না। একই সঙ্গে শ্বাস-প্রশ্বাস ও গিলতে সমস্যাও দেখা দেয়। ইতোমধ্যে শুদ্ধর শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়ার লক্ষণও দেখা যাচ্ছে।

আরো পড়ুন:

চিকিৎসকদের মতে, এই রোগের কার্যকর চিকিৎসা হিসেবে এককালীন জিন থেরাপি ইনজেকশন রয়েছে, যা দুই বছরের আগেই প্রয়োগ করতে হয়। এই চিকিৎসা পেলে শিশুটি স্বাভাবিক জীবনে ফেরার একটি বড় সম্ভাবনা পেতে পারে। তবে এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।
Vesemnogene নামের এই জীবনরক্ষাকারী ইনজেকশনের মূল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা। পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে প্রস্তুতকারী প্রতিষ্ঠান ৫০ শতাংশ ছাড় দিয়ে ৭৫ লাখ টাকায় চিকিৎসা দিতে সম্মত হয়েছে। তবুও এই বিপুল অর্থ জোগাড় করা পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

শিশুটির বাবা মো. আকিব হোসাইন শুভ বলেন, “আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমরা ফান্ড সংগ্রহ করছি। কিন্তু এখনো তেমন কিছুই জোগাড় হয়নি। আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমার সন্তানকে বাঁচানো সম্ভব হবে।”

মা রাজিয়া সুলতানা মিতু বলেন, “প্রতিদিন আমার সন্তানের দিকে তাকিয়ে মনে হয় সময় ফুরিয়ে যাচ্ছে। আমি শুধু চাই আমার সন্তানটা বাঁচুক, একটু হাসুক, স্বাভাবিকভাবে বড় হোক। আপনাদের সাহায্য ছাড়া এটা সম্ভব না।”

সন্তানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন মা রাজিয়া সুলতানা মিতু।

সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ: 01727462021
নগদ: 01727462021
রকেট: 01727462021-9

ব্যাংক: Standard Chartered Bank, Gulshan Branch
অ্যাকাউন্ট নাম: Md. Akib Hossain Shuvo
অ্যাকাউন্ট নম্বর: 18714631801
রাউটিং নম্বর: 215261726

ঢাকা/ফাহিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়