নেতৃত্বের পাশাপাশি রাকসু ভিপির চমকপ্রদ একাডেমিক ফল
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মোস্তাকুর রহমান জাহিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ স্নাতকোত্তরের শেষ সেমিস্টারে সিজিপিএ-৪ এর মধ্যে ৪ পেয়েছেন। সাংগঠনিক ব্যস্ততার মধ্যেও ধারাবাহিক একাডেমিক সাফল্যে তিনি প্রশংসা কুড়িয়েছেন সহপাঠী ও শিক্ষকদের কাছ থেকে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী ছিলেন মোস্তাকুর রহমান জাহিদ। স্নাতকোত্তরের তিন সেমিস্টারের ফলাফলে তিনি প্রথম সেমিস্টারে ৩.৯২, দ্বিতীয় সেমিস্টারে ৩.৮৮ এবং তৃতীয় সেমিস্টারে ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করেছেন। তিন সেমিস্টার মিলিয়ে তার গড় সিজিপিএ দাঁড়িয়েছে ৩.৯৩। এর আগে স্নাতকে তার সিজিপিএ ছিল ৩.৭৬।
এমন সাফল্যের অনুভূতি জানিয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “প্রথমেই আল্লাহ তা’আলার শুকরিয়া। পরিশ্রম তো অবশ্যই ছিল, তবে আল্লাহর রহমতই সবচেয়ে বেশি কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ভালো ফলাফলের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটল। সবার কাছে দোয়া চাই।”
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ভবিষ্যতে পেশা হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকে লক্ষ্য করেছি। পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জনেরও ইচ্ছা রয়েছে।”
প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে জয়ী হয়ে ভিপি নির্বাচিত হন রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। ভিপির দায়িত্ব ও সাংগঠনিক ব্যস্ততার পাশাপাশি একাডেমিক ফলাফলেও ধারাবাহিক সাফল্য অর্জন করায় প্রশংসায় ভাসছেন তিনি।
ঢাকা/ফাহিম/জান্নাত