জীবন দেবেন, তবু ভোট চুরি করতে দেবেন না, নেতাকর্মীদের উদ্দেশে সারজিস
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড়-১ আসনের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, “রক্ত দেবেন, জীবন দেবেন; তবু একটা ভোট চুরি করতে দেবেন না।”
এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যে ভোট চুরি করতে আসবে, তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পৌর শহরের জালাসী এলাকায় নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, “নির্বাচন কমিশনসহ সবাইকে বলতে চাই—ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কোন ধরনের নীলনকশা কেউ যদি বাস্তবায়ন করার চেষ্টা করেন। সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতি তারা যেন মনে রাখেন। তার গলায় জুতার মালা ছিল, আপনার গলায় কোন মালা থাকবে কল্পনাও করতে পারবেন না।”
তিনি বলেন, “আমাদের শ্রমিক ভাইদের শুধু ব্যবহার করা হয়। তাদের ভোটগুলো ২০০ থেকে ৫০০ টাকা দিয়ে কেনা হয়, পরের পাঁচ বছর তাদের দাস বানিয়ে রাখা হয়। আমরা কথা দিচ্ছি, শ্রমিক ভাইদের পরবর্তী প্রজন্মকে আর শ্রমিক হতে হবে না। আপনাদের সন্তানও ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার হবে। আমরা শ্রমিক কল্যাণ ট্রাস্ট গঠন করব। যেটা শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা এবং যখন তাদের কাজ থাকবে না তখনো যেন উপার্জনের একটা ব্যবস্থা থাকে।”
এনসিপির এই নেতা বলেন, “বিএনপির আমলে কৃষক ভাইদের সারের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে। পঞ্চগড়ের কৃষক ভাই যারা আছেন—যাদের সার, কীটনাশক প্রয়োজন, যারা ভালোভাবে ফসল বিক্রি করতে চান; যারা চা-চাষি রয়েছেন। আমাদের ওয়াদা, পঞ্চগড়ে কোনো রক্তচোষা সিন্ডিকেট দাঁড়াতে দেব না।”
সারজিস বলেন, “আমরা পঞ্চগড় প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে ছাড়ব। পঞ্চগড়কে একটি পর্যটন শিল্প হিসেবে তৈরি করব। পঞ্চগড়ের প্রত্যেকটি মানুষ সম্মান নিয়ে যেন বাঁচতে পারে আমরা সেই নিরাপত্তা নিশ্চিত করব।”
তিনি আরো বলেন, “এই নির্বাচনে বিএনপি যদি পরাজিতও হয়, তাদের নেতাকর্মীরা যদি কোনো অপরাধ না করেন; তাহলে তারাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন।”
ঢাকা/নাঈম/রাজীব