৪২ জেলা পরিষদে প্রশাসক বসানো নিয়ে সারজিসের প্রশ্ন
সারজিস আলম।
এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ৪২টি জেলা পরিষদে প্রশাসক বসানো নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি বলেছেন, “নির্বাচিত সরকারের অধীনে অবিলম্বে সকল স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দলীয় লোকজনের পদায়নের মাধ্যমে দেশে লুটপাটের রাজনীতি বন্ধ করতে হবে।”
রবিবার (১৫ মার্চ) রাত পৌনে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা লেখেন।
পোস্টে সারজিস আলম লেখেন, অন্তর্বর্তী সরকার শুধু একটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল তাতেই বিএনপির মতে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে দেশের ৪২টি জেলা পরিষদে সরকার দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ করা হয়েছে; যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এখন আর দেশের গণতন্ত্র ধ্বংস হচ্ছে না।
তিনি আরো লেখেন, এখন দলীয় লোকদের প্রশাসক বানাবে, তাদের মাধ্যমে সুবিধাভোগী তৈরি করবে, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ফায়দা নিবে, অতঃপর তাদেরকে দিয়ে ওই জায়গায় নির্বাচন করিয়ে নির্বাচিত করার পায়তারা করবে; এই রাজনৈতিক নীল নকশা স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ।
এনসিপি'র এই নেতা লেখেন, জনাব তারেক রহমানকে ঠিক করতে হবে, তারা অতীত থেকে শিক্ষা নেবে নাকি কতিপয় অতি চালাকের পরামর্শে স্বৈরাচারের পথে হাঁটবে। নিশ্চয়ই অতি চালাকের গলায় দড়ি!
ঢাকা/রায়হান/রাসেল