ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ইকোসিস্টেমের’ স্বার্থে ভারতের বিপক্ষে পাকিস্তানকে খেলতে বিসিবির অনুরোধ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০০:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৬
‘ইকোসিস্টেমের’ স্বার্থে ভারতের বিপক্ষে পাকিস্তানকে খেলতে বিসিবির অনুরোধ

সমগ্র ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

পাকিস্তানে জরুরি বৈঠক শেষে সোমবার রাতে দেশে ফেরেন বিসিবি সভাপতি। একদিনের ঝটিকা সফরে তিনি পাকিস্তান সফর করেন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন রাজা নকভির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানানো হয়।

নিরাপত্তাজনিত কারণে ভারতে ম্যাচ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ‘এ’ গ্রুপ থেকে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আইসিসি, বিসিবি ও পিসিবির একটি বৈঠক গতকাল পাকিস্তানে অনুষ্ঠিত হয়।

পিসিবির সঙ্গে বৈঠকের জন্য লাহোরে উপস্থিত ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজা। অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তাও। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

এদিকে সাম্প্রতিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিসিবি। বিশেষভাবে পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নকভি, তার বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেটপ্রেমী সমর্থকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, “এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যে উদ্যোগ ও সহযোগিতা দেখিয়েছে, তাতে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের ক্রিকেটীয় ভ্রাতৃত্ব দীর্ঘদিন অব্যাহত থাকবে—এই প্রত্যাশা করি।”

তিনি আরও বলেন, “গতকাল পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর এবং আলোচনার সম্ভাব্য ইতিবাচক অগ্রগতির প্রেক্ষিতে, সমগ্র ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে আমি পাকিস্তানকে অনুরোধ করছি—১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি খেলতে।”

বিসিবির এই আহ্বান আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের মতে, এমন উদ্যোগ পারস্পরিক সহযোগিতা ও ক্রীড়াসুলভ সম্পর্ককে আরও জোরদার করতে পারে।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়