কলকাতা থেকে চুরি হলো শুভ-মন্দিরার সিনেমা!
শুভ, মন্দিরা
চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীলচক্র’ সিনেমা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমা সম্প্রতি ইউটিউবে ‘চক্রব্যূহ’ নামে প্রকাশিত হয়েছে। আর এখান থেকেই তৈরি হয়েছে বিভ্রান্তি ও ব্যাপক আলোচনা।
ইউটিউবে ‘চক্রব্যূহ’ নামে সিনেমাটি প্রকাশ পাওয়ার পর অনেক দর্শক এটিকে শুভ-মন্দিরা জুটির নতুন সিনেমা ভেবে দেখতে শুরু করেন। কিন্তু সিনেমাটি দেখার পর দর্শকদের বড় অংশই বুঝতে পারেন, এটি আসলে তাদের আগের সিনেমা ‘নীলচক্র’-এর এডিটেড ভার্সন।
সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিকে সম্পূর্ণভাবে কলকাতার ঢঙে ডাবিং করা হয়েছে। শুধু ভাষা পরিবর্তন নয়, কিছু কিছু দৃশ্যেও আনা হয়েছে পরিবর্তন। এমন ঘটনায় দর্শকরা রীতিমতো হকচকিয়ে গেছেন।
নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি সিনেমাটির কপিরাইট বিক্রি করে নতুন নামে মুক্তি দেওয়া হয়েছে? বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ‘নীলচক্র’ সিনেমার পরিচালক মিঠু খান কার্যত বিস্মিত হয়ে যান। তিনি জানান, ইউটিউবে এমন সংস্করণ প্রকাশের বিষয়টি তিনি জানতেনই না।
পরে ভিডিওটি দেখার পর গণমাধ্যমকে তিনি বলেন, “এটা কীভাবে ইউটিউবে মুক্তি পেয়েছে আমি জানি না। কোনো ইউটিউব চ্যানেলের কাছে আমরা এর কপিরাইট বিক্রি করিনি। আমাদের না জানিয়ে কে বা কারা এটি করেছে, তা আমরা খুঁজে বের করব এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেব।”
সিনেমাটির ডিজিটাল কপি পরিচালক বা প্রযোজনা সংস্থার বাইরে অন্য কারো কাছে থাকার কথা নয় বলে নিশ্চিত করেন নির্মাতা। তবে একটি সূত্র ধরে পরিচালক জানান, সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ হয়েছিল কলকাতায়। সেখানেই সম্ভবত সিনেমাটির একটি কপি থেকে এটি ফাঁস হয়েছে।
মিঠু খান বলেন, “সিনেমার কাজ আমি কলকাতায় করিয়েছি, তাই সেখানে একটি কপি ছিল। আমার ধারণা, ল্যাবে কাজের সঙ্গে যুক্ত কেউ আমাদের অজান্তে এটি ইউটিউবে প্রকাশ করে দিয়েছে।”
এভাবে সিনেমাটি পাইরেটেড হয়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি ভিডিওটি দ্রুত সরিয়ে ফেলার প্রক্রিয়াও চলছে। বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন; জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিচালক।
ঢাকা/রাহাত/শান্ত