বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় কলাপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণঅধিকার পরিষদ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রবিউল হাসান জানান, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ সময় ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী দলের যে ঐক্য দরকার সেটার প্রতিফলন ঘটিয়েছেন রবিউল হাসান। তাই তার প্রতি কৃতজ্ঞতা জানাই।
ঢাকা/ইমরান/রাজীব