ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফাইনাল বয়কট করে সাংবাদিকদের বার্তা, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬
ফাইনাল বয়কট করে সাংবাদিকদের বার্তা, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একের পর এক সেচ্ছাচারী সিদ্ধান্ত ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার প্রতিবাদে এই বয়কট কর্মসূচি পালন করা হয়। এর ফলে ফাইনাল ম্যাচের সংবাদ সংগ্রহ ও প্রচার থেকে বিরত থাকেন দেশের ক্রীড়া সাংবাদিকরা। 

গত ৬ ফেব্রুয়ারি প্রতিযোগিতার ম্যাচ চলাকালীন বিসিবি প্রেসিডেন্ট বক্সে তীব্র মুহূর্তে দেখা গেছে। রাগান্বিত অবয়বে সহ-সভাপতি ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট পরিচালক এম নাজমুল ইসলামকে কিছু বলছেন। ফারুক আহমেদের আঙুল সরাসরি নাজমুল ইসলামের দিকে, খালেদ মাসুদও আঙুলের ইশারায় কিছু বলছেন। 

এমন এক দৃশ্যের পেছনের কাহিনি বুঝতে অবশ্য কোনো জটিলতায় পড়তে হয়নি। বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম গত কয়েকদিন ধরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে রয়েছেন। বিশেষ করে বোর্ডের বিভিন্ন কমিটি, আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের পারিশ্রমিক নিয়ে তার সাম্প্রতিক বক্তব্য নতুন করে অস্বস্তিতে ফেলেছে বিসিবিকে। তার লাগামহীন মন্তব্যে ক্রিকেটাঙ্গন ফুঁসছে। আম্পায়ার, ক্রিকেটার এবং সাবেক সংগঠকদের অনেকে প্রকাশ্যে এবং গোপনে ক্ষোভ প্রকাশ করছেন।

ছবিটি তুলেছিলেন ডেইলি সানের ফটোজার্নালিস্ট তানভিন তামিম। যা ডেইলি সান ও দৈনিক কালের কণ্ঠে প্রকাশ করা হয় ক্যাপশন দিয়ে। ওই ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমকে বিসিবির হেড অব সিকিউরিটি থেকে ই-মেইল পাঠিয়ে সতর্ক করা হয়। 

বোর্ডের এই আচরণের প্রতিবাদ জানিয়ে ক্রিকেট কাভার করা সাংবাদিক ও ফটোজার্নালিস্টরা একযোগে অবস্থান নিয়েছেন। তারা জানিয়েছিলেন, ফাইনাল ম্যাচ শুরুর আগে সন্ধ্যা ৬টার মধ্যে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ না করা হলে তারা ম্যাচের সংবাদ ও ছবি কাভারেজ বর্জন করবেন। এক ঘণ্টার সময়ও বেঁধে দেওয়া হয় বিসিবিকে। নির্ধারিত সময়ে বিসিবির পক্ষ থেকে কোনো বার্তা না আসায় প্রেসবক্স ছাড়েন সাংবাদিকরা।

বিসিবি ওই ফটোজার্নালিস্টকে ওয়ার্নিং দিয়ে অ্যাক্রেডিটেশন বাতিলের হুমকি এবং এমন ছবি তোলা থেকে বিরত থাকার নির্দেশ দেয়। শুধু তাই নয়, গতকাল সিসিডিএম কাপের ফাইনাল ম্যাচ দেখতে গিয়ে ফারুক আহমেদ জানান, ছবিটি এআই দিয়ে তৈরি এবং এমন সাংবাদিকতা প্রত্যাশিত নয়।

ম্যাচ বয়কটের আগে ক্রীড়া সাংবাদিকরা প্রেসবক্সের ছাদে একটি ব্যানার নিয়ে প্রতিবাদ জানান। সেখানে লেখা ছিল, ‘‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়। আমরা ক্রীড়া সাংবাদিক, আমাদের চুপ করানোর চেষ্টা করবেন না।’’

ম্যাচ বয়কটের পর ক্রীড়া সাংবাদিকরা তাদের অবস্থান স্পষ্ট করে তুলে ধরেন। তারা বলেন, “আমাদের বার্তা খুব পরিষ্কার। বিসিবি কোনো ক্রীড়া সাংবাদিককে ওয়ার্নিং দিতে পারে না। অথচ সেটাই করা হয়েছে। একজন ফটোজার্নালিস্ট মাঠের ভেতরের ছবি তুলেছেন। বিসিবির প্রেসিডেন্ট বক্স মাঠের ভেতরের অংশ, বাইরের নয়। কোন ছবি তোলা যাবে আর কোনটা যাবে না—এটা বিসিবি নির্ধারণ করতে পারে না। স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিরুদ্ধেই আমাদের এই সিদ্ধান্ত। বিষয়টি আমরা বিসিবিকে জানিয়েছিলাম, কিন্তু তারা তা আমলে নেয়নি। এ কারণেই আমরা ম্যাচটি বয়কট করেছি।”

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়