মানুষ এবার নতুন বাংলাদেশ দেখতে চায়: পরওয়ার
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং খুলনা-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “দেশের মানুষ এবার একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। এই পরিবর্তনের অর্থ হলো যারা দুর্নীতি, চাঁদাবাজি, দলীয়করণ ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে না।”
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী খানজান আলী থানার উদ্যোগে স্থানীয় শিরোমনি কেডিএ মার্কেট চত্বরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
গোলাম পরোয়ার বলেন, “বারবার যারা পরীক্ষায় ফেল করে তাদের আবার সুযোগ দেওয়ার যৌক্তিকতা নেই।”
খানজাহান আলী থানা জামায়াতের আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাকসু জি এস এস এম ফরহাদ, এনসিপির দক্ষিণাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু ও খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।
জনসভায় গোলাম পরওয়ার বলেন, ‘‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এমপি ও মন্ত্রীরা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন না এবং সরকার হবে জনগণের সেবক। শাসক নয়, জনগণের খাদেম হিসেবে কাজ করবে।”
সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘জামায়াত ক্ষমতায় এলে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত থাকবে।’’ অতীতে মন্দির নির্মাণ ও ধর্মীয় উৎসবে সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, “ডুমুরিয়া-ফুলতলা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ।”
জনসভায় ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘‘নির্বাচন নিরপেক্ষ হলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জনগণ একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়বে।’’
বিশেষ অতিথির বক্তৃতায় ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘‘নির্বাচন শুরু হয়েছে ডাকসু দিয়ে। আপনারা দেখেছেন ডাকসুর নির্বাচন? তারা বলেছিল নারীরা নাকি ভোট দেবে না। ডাকসু দেখছেন না কত ভোট দিয়েছে। এবার সেই খেলা দেখবেন।’’
তিনি আরো বলেন, ‘‘এবার একটা ঐতিহাসিক সময়। যদি ভুল করি, ভবিষ্যত প্রজন্মের কাছে দায়ী থাকব। আমরা এবার কাঙ্ক্ষিত সিদ্ধান্ত নেব। নম্বর ওয়ান সিদ্ধান্ত আমরা ‘হ্যাঁ’ তে ভোট দেব।’’
জনসভায় এনসিপি-র যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা মিতু বলেন, ‘‘রাষ্ট্র পরিচালনার জন্য শুধু ক্ষমতার অভিজ্ঞতা নয়, নৈতিক চরিত্র ও জনগণের সমস্যা বোঝার যোগ্যতাও জরুরি।’’
নারীদের প্রতি সহিংসতা ও ভীতি সৃষ্টির ঘটনায় কঠোর সমালোচনা করে তিনি বলেন, “পটুয়াখালীতে গর্ভবতী নারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। যারা নারীদের ওপর অশুভ আচরণ করে, তারা রাষ্ট্র পরিচালনার যোগ্য নয়। চরিত্রহীন শক্তি নারীর সম্মানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে।’’
ডা. মাহমুদা মিতু ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ভোট বিক্রি মানে আপনার সন্তানের ভবিষ্যৎ বিক্রি করা। যারা ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি ও ভোট জালিয়াতিতে জড়াবে, তাদের লাল কার্ড দেখাতে হবে।” তিনি ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া মিন্টু প্রমুখ।
ঢাকা/নুরুজ্জামান/বকুল