ভোটের মাঠে চিত্রনায়িকা শিমলা
ভোট চাইছেন চিত্রনায়িকা শিমলা
কয়েক দিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সারা দেশে বইছে নির্বাচনের উত্তাপ হাওয়া। নির্বাচনি প্রচারে দেখা গেল আলোচিত চিত্রনায়িকা শিমলাকে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে দেশের শিল্পীদের একটি দলকে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা যায়। শিমলা ছাড়াও এ দলে ছিলেন— সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদ। পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা।
ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিল্পীরা। এ সময় শিমলা বলেন, “আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।”
‘ম্যাডাম ফুলি’খ্যাত অভিনেত্রী শিমলা। ১৯৯৯ সালে এ সিনেমা দিয়েই দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। কেবল তাই নয়, অভিষেক চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন।
পরবর্তীতে বেশ কিছু সিনেমা উপহার দেন এই অভিনেত্রী। তবে দীর্ঘ দিন ধরে অভিনয়ে অনিয়মিত শিমলা। হঠাৎ ভোটের মাঠে প্রিয় অভিনেত্রীকে দেখে অনেকে আনন্দ প্রকাশ করেছেন।
ঢাকা/শান্ত