ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বর্ণের দাম আবার বাড়ল 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ৯ ফেব্রুয়ারি ২০২৬  
স্বর্ণের দাম আবার বাড়ল 

একদিনের ব্যবধানে আবারো দেশের বাজারে স্বর্নের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। রবিবার রাতে প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সোমবার সকাল ১০ টা থেকেই কার্যকর।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। তবে বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাবেই স্থানীয় বাজারে স্বর্নের দাম সমন্বয় করা হয়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২১ ডলারে ছাড়িয়েছে; গত মাসে যা বেড়ে ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

দেশের বাজারে সর্বশেষ বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

ঢাকা/নাজমুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়