ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সারজিসকে ইসলামী আন্দোলনের সমর্থন 

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬
সারজিসকে ইসলামী আন্দোলনের সমর্থন 

সারজিসকে সমর্থন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

পঞ্চগড়-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী না থাকায় ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (৯  ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলনের জেলা কমিটির এক নেতা এ তথ্য জানিয়েছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে দলটির বিভিন্ন স্তরের নেতারা সারজিস আলমের সঙ্গে বৈঠক করে সমর্থন জানান।

আরো পড়ুন:

স্থানীয় নেতারা জানান, এ আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী না থাকায় নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলমের প্রতি সমর্থন দিয়েছেন। এ আসনে সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন বলে জানিয়েছেন।

বৈঠকের পর থেকে ইসলামী আন্দোলনের লোকজনকে সারজিস আলমের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে দেখা গেছে।

ইসলামী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন এক ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১ এর জন্য আল্লাহ কবুল ফরমান।

মঈন উদ্দিন নামে ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির এক নেতা লিখেছেন, পঞ্চগড়-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী না থাকায় দলমতের উর্ধ্বে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।

ইসলামী আন্দোলনের সমর্থন প্রসঙ্গে এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ বলেন, ‘‘সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।’’
 

ঢাকা/নাঈম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়