রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সদস্যশিল্পীদের প্রতি অভিনয়শিল্পী সংঘের বার্তা
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের লোগো
কয়েক দিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এরই মধ্যে অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, সংগঠনটির কোনো সদস্যের রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভার নেবে না তারা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ বিবৃতিতে বলা হয়েছে, “অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও পেশাজীবীদের কল্যাণমুখী সংগঠন। সংগঠনের কোনো সদস্য যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন, রাজনৈতিক মতামত প্রকাশ করেন অথবা সামাজিক মাধ্যমে রাজনৈতিক কিংবা হিংসাত্মক কোনো স্ট্যাটাস, মন্তব্য বা কনটেন্ট শেয়ার করেন—তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত দায়িত্ব ও মতামত হিসেবে বিবেচিত হবে।”
কোনো সদস্যশিল্পীর রাজনৈতিক কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। এ তথ্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, “এ ধরনের কোনো বক্তব্য, স্ট্যাটাস বা কর্মকাণ্ডের সঙ্গে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ কিংবা সংগঠনের নীতি, অবস্থান ও কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। এসবের জন্য সংগঠন কোনোভাবেই দায়ী থাকবে না। সংগঠনের নাম, লোগো বা পরিচয় ব্যবহার করে কোনো রাজনৈতিক বা হিংসাত্মক বক্তব্য, প্রচারণা কিংবা উসকানিমূলক কনটেন্ট প্রকাশ করা অনুচিত ও অনাকাঙ্ক্ষিত। সবার সহযোগিতা কাম্য।”
অভিনয়শিল্পী সংঘের একজন সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে সংগঠনটির নাম ব্যবহার করেছেন। তারপরই এই বিবৃতি প্রকাশ করা হয়। এ বিষয়ে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম গণমাধ্যমে বলেন, “আমাদের এক সদস্য রাজনৈতিক প্রচারে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের নাম জড়িয়েছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। রাজনীতি করার অধিকার সবার রয়েছে। তবে সদস্যরা যেন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সংগঠনের নাম, পরিচয় ও লোগো ব্যবহার না করেন।”
ঢাকা/শান্ত
২৪ ঘণ্টায় হামে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭