যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ২৩
এনএ || রাইজিংবিডি.কম
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাবামা ও জর্জিয়ায় একাধিক টর্নেডোর তাণ্ডবে শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়ি।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় রাজ্যের লি কাউন্টিতে এ টর্নেডো আঘাত হানে বলে জানিয়েছে বিবিসি ও সিএনএন। এর মধ্যে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আলাবামা রাজ্যে।
লি কাউন্টির শেরিফ জে জোন্স স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা ধ্বংসস্তূপ থেকে লোকজনকে টেনে বের করছেন। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ওপেলিকা শহর থেকে ৫/৬ মাইল দক্ষিণে একটি এলাকায়। সেখানে ১২ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
পূর্ব আলাবামার মেডিক্যাল সেন্টার জানিয়েছে, সেখানে ৪০ জনেরও বেশি আহতকে তারা চিকিৎসা দিয়েছেন। আরো আহত লোক সেখানে ভর্তি হতে পারে বরে তারা ধারণা করছেন।
আবহাওয়াবিদ জেনে নরম্যান জানিয়েছেন, প্রথমে এক ঘণ্টার ব্যবধানে দুটি টর্নেডো আঘাত হানে। এরপর আরো কয়েকটি টর্নেডো আঘাত হানে আলাবামা ও জর্জিয়ায়।
শেরিফ জোন্স সিএনএনকে জানিয়েছেন, আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ অপসারণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে আলাবামার গভর্নর কে আইভি টুইটারে লি কাউন্টির নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) জানিয়েছে, ওই এলাকায় প্রথমে যে টর্নেডো আঘাত হানে তার গতিবেগ ছিল ঘণ্টায় ২৬৬ কিলোমিটার (১৬৫ মাইল)।
আলাবামার আবহাওয়াবিদ এরিক স্নিটিল এক টুইটে জানিয়েছেন, ২০১৮ সালে পুরো যুক্তরাষ্ট্রে টর্নেডোতে যত লোক মারা গেছে এ দিন লি কাউন্টিতে তার চেয়ে বেশি লোক মারা গেছে।
শেরিফ জোন্স ক্ষয়ক্ষতিকে বিপর্যয়কর বলে বর্ণনা করেছেন। ওই কাউন্টিতে টর্নেডো আঘাত হানার সময় সিকি মাইল চওড়া ও কয়েক মাইল দীর্ঘ এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৯/এনএ
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী