ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী আইনজীবীকে ১৭ মাস ধরে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪০, ২৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নারী আইনজীবীকে ১৭ মাস ধরে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

রাজশাহীতে ১৭ মাস ধরে একজন নারী আইনজীবীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী (২৭) এ অভিযোগ করেছেন। পুলিশ এ ঘটনায় শনিবার দুপুরে ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার চিকিৎসকের নাম সাখাওয়াত হোসেন রানা (৪০) । তিনি রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডা. রানার স্ত্রী-সন্তান রয়েছে। তবে ওই নারী অবিবাহিত। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। আর চিকিৎসক রানার গ্রামের বাড়ি নওগাঁর পোরশা উপজেলায়। রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকায় তিনি ভাড়া থাকেন। ওই নারী মহানগরীর কোর্ট এলাকার ফুড অফিসের পেছনে বান্ধবীর সঙ্গে ভাড়া থাকেন। তিনি রাজশাহী জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী।

ওই নারীর দাবি, প্রায় দেড় বছর আগে ডা. রানার সঙ্গে তার পরিচয় হয়। কিছু দিনের মধ্যেই ডা. রানা তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর একদিন কৌশলে তাকে ধর্ষণ করেন এবং সেই ভিডিওচিত্র ধারণ করে রাখেন। তারপর সেই ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৭ মাস ধরে তাকে ধর্ষণ করা হচ্ছিল।

ওই নারীর বরাত দিয়ে আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, শনিবার দুপুরে ডা. রানা ওই নারীর ভাড়া বাসায় গিয়ে তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চান। এ সময় ওই নারীর বান্ধবী পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। এছাড়া তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান। তখন এলাকাবাসী ওই চিকিৎসককে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে রাজপাড়া থানায় নিয়ে আসে। ভুক্তভোগী ওই নারীকেও থানায় আনা হয়।

রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, কিছু ভিডিওচিত্র উদ্ধার করা হয়েছে। তবে চিকিৎসক দাবি করছেন, জোর করে নয় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় ওই নারী আইনজীবী বাদি হয়ে ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করেছেন। চিকিৎসক রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

 

তানজিমুল/সাজেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়