ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অটোরিকশার জন্য খুন দাউদকান্দির আশ্রাফুল, গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ৩০ সেপ্টেম্বর ২০২১  
অটোরিকশার জন্য খুন দাউদকান্দির আশ্রাফুল, গ্রেপ্তার ৩

র‌্যাব-১১ জানিয়েছে, অটোরিকশা ছিনতাইকারীদের হাতে খুন হয়েছে কুমিল্লার দাউদকান্দিতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র মো.আশ্রাফুল আমিন (১৪)।  

আশ্রাফুল দাউদকান্দি উপজেলার শাহপুর গ্রামের আল আমিনের ছেলে। করোনাকালে পরিবারের সহযোগিতার জন্য পড়াশোনার পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো সে।

গত ১৭ সেপ্টেম্বর দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকার দৈয়াপাড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে মুখে স্কচটেপ পেঁচানো এবং গাছের সঙ্গে হাত পিছমোড়া বাঁধা অবস্থায় ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। 

১৩ দিন পর বুধবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে এ খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা।  

গ্রেপ্তার তিনজন হলেন- দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের মো. সাইদুল ইসলাম (১৯), একই উপজেলার বুলিপাড়া গ্রামের কিশোর চন্দ্র সাহা (১৮) ও চান্দিনার সাতগাঁও গ্রামের মো. রিফাত হোসেন (১৮)। তাদেরকে ঢাকা, নরসিংদী ও কুমিল্লা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

লে.কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী তিন ঘাতক অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে। যার মধ্যে সাইদুল ইসলাম প্রথমে গৌরিপুর বাজার থেকে স্কচটেপ ও রশি ক্রয় করে। পরে তারা গৌরীপুর বাজারে অটোরিকশার জন্য অপেক্ষা করে। এ সময় অটোরিকশাচালক আশ্রাফুল আমিনকে টার্গেট করে তারা। ঘাতকদের মধ্যে কিশোর চন্দ্র সাহা অটোরিকশা ভাড়া করে। আর সাইদুল ও রিফাত আশরাফুলের অটোরিকশার পেছনে পেছনে আসে। পরে ঘটনাস্থলে আসার পরেই তিনজনে মিলে অটোরিকশা চালক আশ্রাফুল আমিনকে গাছের সাথে মিছমোড়া করে বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে।

তিনি আরও জানান, হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় খাদে পড়ে যায় ঘাতকরা। এ সময় তারা খাদ থেকে অটোরিকশাটি টেনে তুললেও ব্যাটারিতে চার্জ না থাকায় অটোরিকশাটি ফেলে রেখে চলে যায়।

এদিকে, এ ঘটনার পরদিন নিহতের বাবা আল আমিন দাউদকান্দি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব এ ঘটনার তদন্ত শুরু করে। সর্বশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

আবদুর রহমান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়