টঙ্গীতে টিকা না পেয়ে হামলা, আহত ৭
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ হাসপাতালে করোনা টিকা না পেয়ে হাসপাতালের কর্মচারী ও স্বেচ্ছাসেবিদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, সিনিয়র নার্স রিপা আক্তার, সুরাইয়া আক্তার, শাহিনা আক্তার রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবি নাদিম আহাম্মদ, সিফাত হোসেন, ইউছুফ ও সুমন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে হাসপাতালে শত-শত নারী পুরুষ টিকা নিতে আসে। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকে তারা। একপর্যায়ে সময়মত টিকা না পেয়ে হাসপাতালের কর্মচারী ও স্বেচ্ছাসেবিদের উপর চড়াও হয়। এতে ৭ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের তত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, টিকা মজুদের তুলনায় টিকা নিতে আসা মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে। এতে কিছুটা হট্টগোল সৃষ্টি হয়। এখন পুলিশ মোতায়েন করা হয়েছে। সিভিল সার্জনকে বিষয়টি জানানো হলে টিকা পাঠিয়ে দিয়েছে। এখনো টিকা কার্যক্রম চলছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ জানান, টিকা নিতে এসে কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। তুলনামূলক অনেক বেশি পরিমাণ মানুষের উপস্থিত হয়েছে। এখন সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাজীপুর/রেজাউল/টিপু