ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন ভিক্ষাবৃত্তি করে সংসার চালানো নারী

ভোলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ৩০ জানুয়ারি ২০২২   আপডেট: ১৪:০৭, ৩০ জানুয়ারি ২০২২
ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন ভিক্ষাবৃত্তি করে সংসার চালানো নারী

ভোটারদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারনায় নাসিদা বেগম

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হয়েছেন ভিক্ষাবৃত্তি করে সংসার চালানো নাসিদা বেগম। 

চেয়ারম্যান-মেম্বারদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে চরম ক্ষোভে ভোটে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

জানা গেছে, নাসিদা বেগম নামের এই ভিক্ষুক নারী বদরপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী সদস্য পদে তালগাছ প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে আগামী ১০ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

ওই ওয়ার্ডের বাসিন্দা মামুন, জামাল, রহিম ও ছালাউদ্দিনসহ কয়েকজন জানান, মানুষের দ্বারে দ্বারে চেয়ে যে সাহায্য পান, তা দিয়েই নাসিদা বেগমের সংসার চলে। এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। এলাকার লোকজন নিজেরাই খরচ দিয়ে তার নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয়রা জানান, প্রায় বিশ বছর আগে নাসিদা বেগমের স্বামী ফজলু খাঁ মারা যান। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। এক ছেলে স্থানীয় নাজিরপুর বাজারে ভাঙারির ব্যবসা করেন, অপর ছেলে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আর দুই মেয়ে ঢাকায় বাসা-বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন।

নাসিদা বেগম বলেন, এর আগে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের কাছে গিয়েও কোনোও সাহায্য-সহযোগিতা পাইনি। তাই নিজেই নির্বাচনে প্রার্থী হয়েছি। মানুষের কাছে চেয়ে নির্বাচনের খরচ জোগাচ্ছি। 

তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়াও পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জয়ী হলে অবহেলিত মানুষের জন্যই কাজ করবো।

আবদুল মালেক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়