দফাদার ও মহল্লাদাররা পেলেন বিনামূল্যে বাইসাইকেল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ১১টি ইউনিয়নে কর্মরত ৩৭ জন দফাদার ও মহল্লাদারের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. শাহগীর আলম প্রধান অতিথি থেকে এই বাইসাইকেল বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান।
এসময় জেলা প্রশাসক বলেন, ‘দফাদার ও মহল্লাদাররা গ্রামের তথা একটি ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করেন। সে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। সরকার দফাদার ও মহল্লাদারদের যাতায়াতের জন্য বাইসাইকেল দিয়েছে। এতে আপনাদের কাজের দায়িত্ব আরও বেড়ে গেছে। সরকারের সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সহায়ক হিসেবে এই সাইকেল আপনাদের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার হাসিবা খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব রিনাসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।
প্রসঙ্গত, জেলা প্রশাসনের সৌজন্যে এই বাইসাইকেল দেওয়া হয়।
রুবেল/মাহি