ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা চতুর্থ দিনের আন্দোলনে

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০২২  
বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা চতুর্থ দিনের আন্দোলনে

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর শিক্ষার্থীরা আজো বিভিন্ন কর্মসূচি পালন করছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর এবং শিক্ষক ও শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে চতুর্থ দিনের মতো লাগাতার আন্দোলনে তারা। 

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সমানে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বিচারের দাবিতে স্লোগানে কম্পিত পুরো বিশ্ববিদ্যালয় অঙ্গন। ধর্ষণের প্রতিবাদে লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করছেন তারা।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্দোলনের বিস্তারিত তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র পিউ মৃধা।

তিনি বলেন, আমাদের এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হলে বিচারের দাবিতে আমরা আন্দোলন (২৪ ফেব্রুয়ারি ভোর থেকে) শুরু করি। আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকদের উপর বহিরাগতরা হামলা চালায়। এতে শিক্ষার্থী ও শিক্ষকরা আহত হন। কিন্তু এখন পযর্ন্ত হামলাকারীদের চিহ্নিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবী জানাই।

তিনি বলেন, স্থানীয় প্রশাসনের উপর থেকে আমরা আস্থা হারিয়েছি। আমরা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখি। এখন প্রধানমন্ত্রীর আশ্বাস পেলে আন্দোলন ছেড়ে আমরা ক্লাসে ফিরে যাবো। 

পরে তিনি পরবর্তী আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীর মধ্যে রয়েছে দুপুরে ধর্ষকদের প্রতিকী ফাঁসি কার্যকর ও বিক্ষোভ মিছিল, বিকাল ৪টায় ধর্ষণবিরোধী প্রতিবাদী নাটক ও সন্ধ্যা ৭টায় আলোর মিছিল। 

প্রসঙ্গত, গত বুধবার রাতে শহরের নবীনবাগ এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণের সাথে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করে আসছে। 

বাদল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়