‘কারাগারের ২০০ বছরের ইতিহাস পরিবর্তন করা হয়েছে’
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, `বর্তমান সরকারের আমলেই কারাগারগুলোর ২০০ বছরের ইতিহাস পরিবর্তন করা হয়েছে। এখন সকালের নাস্তায় রুটি ও গুড়ের পরিবর্তে সপ্তাহে চার দিন সবজি-রুটি, দুই দিন খিচুড়ি, একদিন হালুয়া-রুটি দেওয়া হচ্ছে যা যুগান্তকারী পরিবর্তন।’
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সে আয়োজিত ১২তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৫৯ তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলা নববর্ষসহ বিশেষ দিবসগুলোতে কারাগারে উন্নত মানের খাবারের জন্য বন্দি প্রতি বরাদ্দ বাড়ানো হয়েছে। বিভিন্ন ভাতা বৃদ্ধি করা হচ্ছে। কারাগার এখন কেবল শাস্তি কার্যকর করার জায়গা নয়, বরং কারাবন্দিদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করার জায়গা।’
তিনি আরো বলেন, ‘করোনা মহামারি মোকাবেলায় দেশের ৬৮ টি কারাগারে আটক বন্দিদের কোভিড -১৯ ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। করোনার কারণে বন্দিদের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ থাকায় তাদের পরিবারের সঙ্গে সপ্তাহে ১ দিন ১০ মিনিট মোবাইলে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। মোবাইলে কথা বলার পাশাপাশি ভিডিও কলের ব্যবস্থা করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে।’
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর ইচ্ছায় কারা বিভাগের একটি অংশের বেতন কাঠামো ও পদমর্যাদার উন্নয়ন করা হয়েছে। কারাগারের জনবল বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে।’
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন, কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ আবরার হোসেন, কমান্ড্যান্ট ভারপ্রাপ্ত সুরাইয়া আক্তার, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন আব্দুল জলিল প্রমুখ।
রেজাউল/ মাসুদ