ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগুনে চট্টগ্রাম জহুর হকার্স মার্কেটের অর্ধশত ব্যবসায়ী নিঃস্ব 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১২ মার্চ ২০২২  
আগুনে চট্টগ্রাম জহুর হকার্স মার্কেটের অর্ধশত ব্যবসায়ী নিঃস্ব 

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেট সব ধরনের কাপড় বিক্রির স্থান হিসেবে বিখ্যাত। নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত সব শ্রেণির মানুষই এখানে এসে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন। 

ঘিঞ্জি পরিবেশে হাজারেরও বেশি দোকান এই মার্কেটে। প্রতিদিন পাইকারি ও খুচরা মিলিয়ে প্রায় শতকোটি টাকার কেনাবেচা হয়। অথচ চট্টগ্রামের এতোবড় একটি ব্যস্ত মার্কেটে কোনো অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। 

এ মার্কেটে শুক্রবার (১১ মার্চ) রাতে লেগে অর্ধশতাধিক দোকান আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও রমজানের আগে আগুনে নিঃস্ব হয়েছেন অর্ধশত ব্যবসায়ী। 

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক আনিসুর রহমান জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম জহুর হকার্স মার্কেটের একাংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৯টি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে এরই মধ্যে আগুনে পুড়ে গেছে প্রায় অর্ধশত দোকান। 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, এতো বড় মার্কেট আর শত শত কোটি টাকার ব্যবসা হলেও পুরো মার্কেটে নিজস্ব অগ্নিনির্বাপণের কোন ব্যবস্থাই নেই। এছাড়া মার্কেটের আশেপাশে কোন জলাধারও নেই। তাই আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের নিজস্ব রিজার্ভ পানি দিয়েই আগুন নেভাতে হয়েছে। 

তিনি বলেন, নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হতো এবং ক্ষয়ক্ষতি অনেক কম হতো। 

জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল আমিন জানান, রাতের আগুনে রমজানের পূর্বমুহূর্তে নিঃস্ব হয়ে গেছে মার্কেটের প্রায় অর্ধশত ব্যবসায়ী। 

রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়