ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘসারি

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২৭ মার্চ ২০২২   আপডেট: ১৫:২৯, ২৭ মার্চ ২০২২
দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘসারি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বারখ্যাত রাজবাড়ীর দৌলতদিয়ায় প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে শুরু করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত এই সারি দেখা গেছে।

অন্যদিকে, পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে ফেরিঘাটের প্লাটুনও নিচে নেমে গেছে। ফলে ফেরি থেকে গাড়ি নেমে মূল সড়কে উঠতেও সময় লাগছে। 

রোববার (২৭ মার্চ) দুপুর ১টার পরেও দৌলতদিয়ায় দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার অংশ জুড়ে পণ্যবাহী ট্রাকের সারি। এছাড়া ৩ কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাসের সারি। দৌলতদিয়া থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কেও প্রায় তিন কিলোমিটার অংশজুড়ে পণ্যবাহী ট্রাকের সারি।

দৌলতদিয়া ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, অগ্রাধিকার হিসেবে যাত্রীবাহী বাস ও পচনশীল দ্রব্য পরিবহনকারী ট্রাক পারাপার করা হচ্ছে।

মোশারফ নামের একজন ট্রাকচালক জানান, এখনো ফেরি ঘাটে যেতে অন্তত ৩ ঘণ্টা সময় লাগবে। বছরের প্রায় সময়ই নানা কারণে এই ঘাটে আটকে থাকতে হয়।

শামীম ইসলাম নামের দিগন্ত পরিবহনে যাত্রী জানান, তিনি গোপালগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন। তার বাড়ি গোপালগঞ্জ  হওয়ায় তিনি এই নৌপথ দিয়েই যাতায়াত করেন। প্রায় সবসময়ই বিভিন্ন কারণে ঘাটে যানজট থাকায় ভোগান্তিতে পড়তে হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাবউদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৮টি ফেরি চলাচল করছে। চেষ্টা করছি ট্রিপ বাড়িয়ে যানজট নিরসনের।

সুকান্ত/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়