ক্যাটল ট্রেনে গরু পরিবহন বন্ধ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ক্যাটল ট্রেন
চালুর একদিন পরই ‘ক্যাটল স্পেশাল ট্রেনে’ গরু পরিবহন বন্ধ রয়েছে। কাঙ্খিত কোরবানি যোগ্য পশু বুকিং না হওয়ায় ট্রেনটি বন্ধ করেছে রেল বিভাগ।
বৃহস্পতিবার (৭ জুলাই) রাইজিংবিডিকে এ খবর নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শহিদুল আলম।
শহিদুল আলম বলেন; ‘বুধবার (৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে স্বল্প ভাড়ায় গরু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। কাঙ্খিত গরু বুকিং না হওয়ায়, ট্রেনটি বন্ধ করা হয়েছে। পশ্চিমাঞ্চলের রেলওয়ের ঊদ্র্ধতন কর্মকর্তা এ খবর আমাদের নিশ্চিত করেছেন।'
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ১৯ জুলাই পর্যন্ত গরু পরিবহন করে। ৩ দিন ধরে চলা এ ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানি যোগ্য পশু পরিবহন করা হয় ৭৮টি। তা থেকে আয় হয় ৪৬ হাজার ১৩৭ টাকা।
দ্বিতীয় বারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৮টি গরু ও ৫টি ছাগল ঢাকায় পরিবহন করা হয়েছে। এসব পশু একজনই বুকিং করেছিলেন। ২৩ পশু পরিবহন করে রেলের আয় হয়েছে ১১ হাজার ২৩৯ টাকা।
ক্যাটল স্পেশাল ট্রেনে গরু পরিবহন করতে অনিহা খামারিদের। খামারিরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে করে ঢাকায় গরু পৌঁছলেও, হাটে গরু নিতে কয়েকবার গাড়িতে উঠানামা করতে হয়। এতে করে গরুরও কষ্ট হয়, খামারিদের ভোগান্তি বাড়ে।
সাইফুল নামের এক গরুর খামারি বলেন, 'ট্রেনে গরু উঠাতে কিংবা নামাতে ভোগান্তি নেই। কিন্তু ট্রাকে গরু লোড-আনলোড করতে ভোগান্তি বাড়ে। ট্রেনতো গরুগুলোকে স্টেশনে নামিয়ে দিবে, হাটে তো নিয়ে যেতে হবে। আলাদা একটা খরচ হয়।'
কামাল নামের আরেক খামারি বলেন, 'সরকার ঢাকায় কম খরচে ট্রেনে গরু পরিবহন করছে। স্টেশনে থেকে গরুগুলো যদি সরকারি বিআরটিসি ট্রাকে হাটে কম খরচে পৌঁছিয়ে দেয়, তাহলে কোরবানির গরু ট্রেনে পরিবহন করা যেত। সরকার এমন উদ্যোগ নিলে,অনেক খামারি ক্যাটল ট্রেনে গরু পরিবহন করবে।'
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাষ্টর শহিদুল আলম বলেন, 'এ বিষয়ে আমাদের রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা কিছু বলেন নি। ঢাকায় রেলস্টেশনে গরুগুলো নামানোর পর যদি, বিআরটিসি ট্রাকে গরু পরিবহন করে খামারিদের ভালো হবে। ট্রেনেও ব্যাপক গরু যাবে।'
মেহেদী/ মাসুদ