ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২৯ জুলাই ২০২২   আপডেট: ১৭:২৯, ২৯ জুলাই ২০২২
মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেন দুর্ঘটনার সাড়ে তিন ঘণ্টা পার হলেও এখনো রেললাইনেই রয়েছে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রেন। ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও রেলওয়ের উদ্ধারকারী টিম দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রেনটি উদ্ধার করতে পারেনি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইতিমধ্যে ৫টি ট্রেন আটকা পড়েছে।’

তিনি আরও বলেন, ‘রেললাইন থেকে দুর্ঘটনাকবলিত ট্রেন ও মাইক্রোবাস সরিয়ে নিতে উদ্ধারকারী টিম কাজ করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস‌্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘ট্রেনের সঙ্গে মাইক্রোবাসটি এমনভাবে আটকে আছে এখনো সেটিকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। রেললাইন থেকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রেন সরাতে কাজ করছে রেলওয়ে এবং ফায়ার সার্ভিস।’

এর আগে, শুক্রবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। হতাহতদের সবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আমান বাজারে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকা থেকে একটি মাইক্রোবাসযোগে খৈয়াছড়া ঝরনা দেখতে আসেন ১৪ জন।

ঝরনা দেখা শেষে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী তাদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।’

আরও পড়ুন: খৈয়াছড়া ঝরনা দেখে ফেরা হলো না

রেজাউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়