ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ১ জানুয়ারি ২০২৫  
গাজীপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ফাইল ফটো

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর মো. জুনায়েদ হোসেন (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) দুপুরে কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের গলি থেকে লাশটি উদ্ধার করা হয়।

জুনায়েদ টাঙ্গাইল সদর থানার গোলচত্বর এলাকার দুলাল হোসেনের ছেলে। সে তার মা ও বড় বোনের সঙ্গে আমবাগ পশ্চিমপাড়ার মোয়াজ্জেম হোসেনের টিনশেড বাড়িতে ভাড়া থাকত।

আরো পড়ুন:

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হয় জুনায়েদ। এরপর আর বাসায় ফেরেনি। পরে তার পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করে না পেয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করেন।

বুধবার বেলা আড়াইটার দিকে আমবাগ পশ্চিমপাড়া এলাকায় আলমগীর হোসেনের নির্মাণাধীন ভবনের গলিতে লাশ পড়ে থাকতে দেখেন এক রাজমিস্ত্রি। থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জুনায়েদের বড় বোন জান্নাতি বেগম বলেন, ‘‘সোমবার সন্ধ্যায় সে বাসা থেকে বের হয়ে আর বাসায় আসেনি। আজ খবর আসে, আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।’’

কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে এক শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিল্ডিং থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়