‘নারী আন্দোলনকে সমাজ পরিবর্তনের আন্দোলনে পরিণত করতে হবে’
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরিশালের ম্যাপ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকেলে আন্তর্জাতিক নারী দিবসে বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সভাপতি কমরেড মাফিয়া বেগম।
সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সহ-সভাপতি শম্পা ঘোষ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার অর্থ বিষয়ক সম্পাদক সালমা নাসরিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, অর্থ বিষয়ক ফারজানা আক্তার, শিবানী সিকদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১৮৫৭ সালের ৮মার্চ আমেরিকার নিউইয়র্কের সুতা কারখানার নারী শ্রমিকরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কর্মঘণ্টা, অমানবিক-অস্বাস্থ্যকর কর্মপরিবেশ, মজুরি বৈষম্য, অভিবাসী ও কৃষ্ণাঙ্গ শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং ভোটাধিকারের দাবিতে বিক্ষোভে রাস্তায় নেমে আসেন। হাজার হাজার নারীর এই মিছিলে পুলিশ নৃশংস হামলা চালায়।এতে নিহত, আহত ও গ্রেপ্তার হন অসংখ্য নারী শ্রমিক। পরবর্তীতে নারী অধিকার আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে দেশে দেশে।
নেতারা আরো বলেন, আজকে ১১৫তম নারী দিবস কিন্তু এই সময়ে এসেও নারীদের অধিকার রক্ষা হয়নি। এখনো নারীর ক্ষেত্রে বিভিন্ন মাত্রায় বৈষম্য বিদ্যমান। দেশে হরহামেশাই ধর্ষণের ঘটনা ঘটছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী দিবসের চেতনায় আজকের দিনের নারী আন্দোলনকে সমাজ পরিবর্তনের আন্দোলনে পরিণত করতে হবে।
আলোচনা সভা শুরুর আগেই একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বরিশাল/পলাশ/সাইফ
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান