ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৬
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভারতে প্রবেশের চেষ্টাকালে শনিবার বিকেলে বাঘাডাংগা সীমান্তে আটক বাংলাদেশি নাগরিক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ছয় জনকে আটক করেছে বিজিবি।
শনিবার (১৯ জুলাই) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু। পুরুষ রয়েছেন একজন। তার নাম নূর ইসলাম (২৫)। তিনি নড়াইলের কালিয়া উপজেলার বাবরা গ্রামের জামাল শেখের ছেলে।
বিজিবি জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে শ্রীনাথপুর বিওপি ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নারীকে আটক করে। খোসালপুর বিওপির হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে টহল পরিচালনাকালে দুই নারী ও এক শিশুকে আটক করা হয়।
আজ বিকেল সাড়ে ৪টার দিকে বাঘাডাংগা বিওপির নায়েক অখিল চন্দ্র হাজরার নেতৃত্বে দুইজনকে আটক করে বিজিবির টহল দল। আটককৃতদের মধ্যে একজন নারী ছিলেন। আটক পুরুষকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
কুষ্টিয়ায় আস্তানায় হামলা-আগুন, কথিত পীর নিহত