ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বড়পুকুরিয়া খনি থেকে আবারও কয়লা উত্তোলন শুরু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ১১:৪২, ১০ আগস্ট ২০২৫
বড়পুকুরিয়া খনি থেকে আবারও কয়লা উত্তোলন শুরু

দেড় মাস বন্ধ থাকার পর আবার কয়লা উত্তোলন শুরু হয়েছে বড়পুকুরিয়া কয়লাখনিতে।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দেড় মাস বন্ধ থাকার পর আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। 

গতকাল শনিবার (১০ আগস্ট) সকাল থেকে ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে এই কয়লা উত্তোলন শুরু হয়। 

গত ২৩ জুন ১৩০৫ নম্বর পুরোনো কোল ফেজের মজুত শেষ হয়ে যাওয়ায় খনি থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

১৪০৬ নম্বর নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষে আবারও উত্তোলনে ফিরেছে খনিটি। নতুন এই ফেজ থেকে কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৯৪ লাখ টন। 

বিষয়টি জানিয়েছেন বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক।

জানা গেছে, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর পুরোনো ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়, যা জুন মাস পর্যন্ত চলে। এ সময়ের মধ্যে ওই ফেজ থেকে কয়লা উত্তোলন হয়েছে ৫ লাখ ১ হাজার টন। ওই ফেজে কয়লা মজুত শেষ হয়ে যাওয়ায় নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য খনির কয়লা উৎপাদন সাময়িক বন্ধ করা হয়।

বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক বলেন, “১৪০৬ নম্বর নতুন ফেজে ওপেন আবকাট নির্মাণ এবং ১৩০৫ নম্বর পুরোনো ফেজ থেকে সব যন্ত্রপাতি স্যালভেজ ও যথাযথ মেইনটেন্যান্স শেষে গতকাল সকাল থেকে নতুন ফেজের উৎপাদনের কাজ শুরু করা হয়েছে।’’

তিনি জানান, এটি চতুর্থ স্লাইসের ৩ নম্বর ফেজ। কয়লা উত্তোলনের শুরুর দিকে ১ সপ্তাহ ধরে দৈনিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টন এবং পরে দৈনিক ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন হারে কয়লা উত্তোলিত হবে বলে আশা করা যাচ্ছে। 

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে এই কয়লা সরবরাহ করা হবে বলে জানান তিনি।

ঢাকা/মোসলেম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়