শেখ হাসিনা যেই সাহস করেনি, ছাত্রদল তা করছে: সারজিস
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘‘পঞ্চগড় জেলা ছাত্রদল স্কুলগুলোতে কমিটি দেওয়া শুরু করেছে। যেই সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ করতে পারেনি, সেই সাহস চব্বিশ-পরবর্তী বাংলাদেশে ছাত্রদল করছে।’’
তিনি বলেন, ‘‘বাংলাদেশের কোনো স্কুল-কলেজে ছাত্র রাজনীতির নামে লেজুড়বৃত্তি রাজনীতি চলবে না। স্কুল-কলেজগুলোতে আহ্বায়ক কমিটির নামে আওয়ামী লীগের মতো বিএনপির অযোগ্য লোকজন সভাপতি হয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।’’
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এক রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, ‘‘আগামীর বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না। যারা চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতা, তাদের নাম-ঠিকানার সঙ্গে বাবা-মায়ের নাম প্রকাশ্যে তালিকা আকারে ঝুলিয়ে দেওয়া হবে।’’
কর্মশালায় এনসিপি সদর উপজেলার আহ্বায়ক তানবীরুল বারী নয়ন, বোদা উপজেলার আহ্বায়ক শিশির আসাদসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা/নাঈম/রাজীব
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন