ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ২২ সেপ্টেম্বর ২০২৫  
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা

গাজীপুরে কলহের একপর্যায় সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করার পর রনি শেখ (৩৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রনি শেখ ঢাকার নবাবগঞ্জ থানার কলাকোপা এলাকার শেখ রহমতের ছেলে।

আরো পড়ুন:

ছুরিকাঘাতে আহত বৃষ্টি আক্তার (২৭) রাজবাড়ীর কালুখালী থানার গড়িয়ানা এলাকার হাকিম মোল্লার মেয়ে। তিনি রনি শেখের সাবেক স্ত্রী। তারা দুজনেই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, ‘‘বৃষ্টির সঙ্গে রনির প্রায় এক বছর আগে তালাক হয়ে গেলেও তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং প্রায়ই রনি সাবেক স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন। ঝগড়া-বিবাদের জের ধরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করেন রনি।’’ 

তিনি বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে বৃষ্টির মৃত্যু হয়েছে ভেবে রনি ভয়ে আত্মহত্যা করেছেন।’’

ওই কর্মকর্তা আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রায় এক বছর আগে বৃষ্টি পারিবারিক কলহের জের ধরে তার স্বামী রনি শেখকে তালাক দেন। তালাক দেওয়ার পর বৃষ্টি বাইমাইল পুকুরপাড় এলাকায় আলাদা বাড়িতে ভাড়া থাকতেন। তালাক হয়ে যাওয়ার পরও বৃষ্টির ভাড়া বাসায় রনি যাওয়া-আসা করতেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ওই বাসায় তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে বৃষ্টিকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। এতে বৃষ্টি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরই মধ্যে রনি শেখ সাবেক স্ত্রীর বাড়িতে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি গলায় পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বাইমাইল এলাকার বাসিন্দা আবুল হাসান বলেন, ‘‘তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। তাদের মধ্যে তালাক হয়ে গেলেও রনি তার সাবেক স্ত্রীর বাড়িতে আসা-যাওয়া করতেন।’’

ঢাকা/রেজাউল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়