ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন ও গণভোট অনুষ্ঠান নিয়ে সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন ও গণভোট অনুষ্ঠান নিয়ে সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান নিয়ে সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রস্তুতি খুবই ভালো। নির্বাচনের দিনসহ আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।’’

নির্বাচনের পরও সহিংসতা হবে না বলে আশা করেন উপদেষ্টা।

আরো পড়ুন:

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘‘এবারের নির্বাচনে এক লাখ সেনা সদস্য, পাঁচ হাজার নৌবাহিনী সদস্য, চার হাজার কোস্টগার্ড সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ৩৭ হাজার বিজিবি সদস্য, নয় হাজার র‌্যাব ও পাঁচ লক্ষাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, ডগস্কোয়াড, ড্রোন থাকবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনার কিছুর অভাব নেই।’’ 

সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপদেষ্টা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘‘দেশের ভালোর জন্য সঠিক সংবাদ পরিবেশন করবেন বলে আশা করছি। দু-একজনও যদি মিথ্যা সংবাদ পরিবেশন করে, পরিস্থিতি অনেক সময় খারাপের দিকে যেতে পারে।’’

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়